Views Bangladesh Logo

জার্মান দূতাবাসে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের প্রবেশে নতুন নির্দেশনা

ঢাকায় জার্মান দূতাবাসে ভিসার আবেদন করতে যাওয়া ব্যক্তিদের প্রবেশপথ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে দূতাবাস। অ্যাপয়েন্টমেন্টের দিন সঠিক গেট ব্যবহার করলে আবেদনকারীদের অযথা বিড়ম্বনায় পড়তে হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে ভিসা আবেদনকারীদের জন্য এ নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিনে দূতাবাসে প্রবেশের জন্য নির্ধারিত গেটই ব্যবহার করতে হবে।

দূতাবাস প্রাঙ্গণে প্রবেশের জন্য মোট দুটি গেট রয়েছে। এর একটি নির্ধারিত দূতাবাসের কর্মকর্তা ও কর্মীদের ব্যবহারের জন্য। অপর গেটটি ভিসা আবেদনকারীদের প্রবেশের জন্য রাখা হয়েছে। ফলে ভুল গেটে গেলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়তে পারেন আবেদনকারীরা।

নির্দেশনায় বলা হয়েছে, গুলশান-২ চক্কর থেকে দূতাবাসের দিকে আসার সময় ভিসা আবেদনকারীদের দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের দিন দূতাবাসে যাওয়ার আগে এই বিষয়টি খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ভুল প্রবেশপথ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি হলে নিরাপত্তাকর্মীদের সহযোগিতা নেওয়ার কথা জানিয়েছে দূতাবাস। আবেদনকারীদের নির্ধারিত জায়গায় পৌঁছাতে নিরাপত্তাকর্মীরা প্রয়োজনীয় সহায়তা করবেন।

এ ছাড়া নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের সময়ের কিছুটা আগে দূতাবাসে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রবেশের ক্ষেত্রে দূতাবাসের নিরাপত্তা ও অন্যান্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ