জনস্বার্থ রক্ষা করেই আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাবে সরকার: অর্থমন্ত্রী
জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচিতে অংশ নেবে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের স্বার্থের পরিপন্থী কোনো আইএমএফ কর্মসূচিতে সরকার যুক্ত হবে না।
রোববার (১২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের আইএমএফ কর্মসূচি জনস্বার্থবিরোধী ছিল এবং এতে এমন কিছু শর্ত ছিল, যা একটি গণতান্ত্রিক সরকারের জন্য গ্রহণযোগ্য নয়। এ কারণেই বর্তমান সরকার ওই কর্মসূচি থেকে সরে এসেছে।
তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য শুধু অর্থায়ন পাওয়া নয়, দেশের স্বার্থ রক্ষা করা। নির্বাচিত সরকার হিসেবে বাংলাদেশের জনগণ ও অর্থনীতির স্বার্থ সুরক্ষাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা এমন একটি নতুন কর্মসূচির দিকে এগোচ্ছি, যেখানে জনগণের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত থাকবে। যে কর্মসূচিতেই অংশ নিই না কেন, সেখানে বাংলাদেশের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে।
অর্থমন্ত্রী আরও জানান, অর্থনীতিতে গতিশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক আস্থা জোরদারে সরকার বর্তমান ভিসা নীতিতে সংস্কার আনবে। এর মাধ্যমে দেশে আরও বেশি বিদেশি পর্যটক ও বিনিয়োগকারী আকৃষ্ট করার লক্ষ্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মতামত দিন