মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল ও অর্থ বরাদ্দে নতুন নির্দেশনা
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ের বিল দাখিল এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভ্রমণ ব্যয়ের বিলের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণ সংযুক্ত করা, নির্ধারিত সময়ের মধ্যে অগ্রিম অর্থের সমন্বয় এবং বিলের তিনটি সেট দাখিলসহ মোট সাতটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসেবা শাখা থেকে এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত পরিপত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কার্যকর করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি কাজে দেশ-বিদেশে ভ্রমণ শেষে প্রকৃত ব্যয় পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিল দাখিল করতে হবে। বৈশ্বিক বা বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে জারি করা অফিস আদেশের কপি বিলের সঙ্গে সংযুক্ত করা আবশ্যক।
এছাড়া ভ্রমণ ব্যয়ের প্রমাণের জন্য যানবাহন ভাড়ার প্রকৃত টিকিট, বিমান ভ্রমণের ক্ষেত্রে বিমানের টিকিটের সঙ্গে বোর্ডিং পাস, অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি এবং প্রাক্কলিত আবাসিক হোটেলে অবস্থানের ক্ষেত্রে প্রকৃত পরিশোধিত বিলের কপি বা প্রমাণ দাখিল করতে হবে।
বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে টাকার সঙ্গে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিনিময় হার সংক্রান্ত বিবরণী এবং অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে প্রাসঙ্গিক ভাউচার জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।
পরিপত্রে স্পষ্ট করা হয়েছে, সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপে উল্লেখিত ভ্রমণকালের অতিরিক্ত সময় কেউ ভ্রমণ করলে তার জন্য নতুন করে অনুমোদন নিতে হবে।
এতে আরও বলা হয়, অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে অর্থ বিভাগের সর্বশেষ নির্দেশিকা অনুসরণ করতে হবে এবং অগ্রিম অর্থ নিয়ে ভ্রমণ শেষে এক মাসের মধ্যে সেই সমন্বয় বিল দাখিল করতে হবে। আগের ভ্রমণের অগ্রিম বিল সমন্বয় না করা হলে পরবর্তী কোনো ভ্রমণের জন্য নতুন করে অর্থ বরাদ্দ দেওয়া হবে না।
এ ছাড়াও নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড় সহজ করার লক্ষ্যে প্রয়োজনীয় সময় হাতে রেখে অগ্রিম অর্থ বরাদ্দের বিল দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মূলকপিসহ বিলের মোট তিন সেট জমা দিতে হবে এবং বিলের সব ফটোকপি যথাযথভাবে সত্যায়িত হতে হবে।
পরিপত্রটি ইতোমধ্যে সকল সিনিয়র সচিব, সচিব, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিব, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা (ডিডিও) এবং সংশ্লিষ্ট আইসিটি কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটেও এটি আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতামত দিন