Views Bangladesh Logo

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে আসছে নতুন নির্দেশনা: সেতুমন্ত্রী

ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য সরকার একটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা বা ইজিবাইক বন্ধ করার পরিকল্পনা নয়, বরং সেগুলোকে কীভাবে নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা যায়, সে বিষয়ে কাজ চলছে।

সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালিবিধির ৭১ ধারায় দেওয়া নোটিশের ওপর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এর আগে নোটিশে শওকত আরা আক্তার পরিবহন খাতের কার্বন নিঃসরণ কমাতে পর্যায়ক্রমে বৈদ্যুতিক ও পরিবেশবান্ধব জ্বালানিনির্ভর গণপরিবহন চালুর প্রস্তাব দেন। তিনি বলেন, দেশের মোট কার্বন নিঃসরণের প্রায় ৯ শতাংশ আসে পরিবহন খাত থেকে, যার বড় অংশের জন্য দায়ী ডিজেলচালিত বাস ও ট্রাক। এ পরিস্থিতিতে বৈদ্যুতিক যানবাহনের পাশাপাশি সিএনজি, এলএনজি, বায়োডিজেল, বায়োগ্যাস, সবুজ হাইড্রোজেন ও ইথানলভিত্তিক জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সম্পূরক প্রশ্নে তিনি বলেন, রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা দ্রুত বাড়লেও অনিয়ন্ত্রিত চলাচল, অদক্ষ চালক, প্রশিক্ষণ ও লাইসেন্সের অভাব এবং ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতার কারণে দুর্ঘটনা, যানজট ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এসব যান বন্ধ না করে কোনো কর্তৃপক্ষের অধীনে এনে মানোন্নয়ন ও শৃঙ্খলার আওতায় আনার পরিকল্পনা আছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে সেতুমন্ত্রী বলেন, ঢাকায় ব্যাটারিচালিত যানবাহনের বিষয়টি মূলত সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের আওতাধীন। তবে রাজধানীতে সমন্বিত বহুমুখী যোগাযোগব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশা ও অনুরূপ যানবাহনের ব্যবস্থাপনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। খুব শিগগিরই ঢাকা ও সারা দেশের জন্য এ বিষয়ে একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে। সেই নির্দেশনার আলোকে সরকার ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ