Views Bangladesh Logo

বঙ্গভবনের বাইরে এবার দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান

দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার নতুন সরকারের শপথ অনুষ্ঠান খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি চলছে। বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই আয়োজন করার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি সূত্রে জানা গেছে, ওইদিন সকালে দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।


বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের গেজেট শুক্রবার রাতে প্রকাশের পর থেকেই শপথ আয়োজনের প্রস্তুতি শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান থাকায় দক্ষিণ প্লাজায়ই অনুষ্ঠান করার প্রস্তুতি চলছে।


এবারের নির্বাচনে বিএনপি জোট ২১২ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাদের সাবেক মিত্র জামায়াতে ইসলামী জোট ৭৭ আসন নিয়ে প্রধান বিরোধী দলে বসতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনে জয়ী হয়েছেন। সাধারণত রাষ্ট্রপতি বঙ্গভবনে নতুন সরকারের শপথ পড়ান। তবে স্থান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হলেও রাষ্ট্রপতি শপথ পড়াবেন কি না—সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। বঙ্গভবনের পক্ষ থেকেই দক্ষিণ প্লাজায় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা এসেছে বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে।


এদিকে সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়েও আলোচনা চলছে। স্পিকার ও ডেপুটি স্পিকার দায়িত্বে না থাকায় সাংবিধানিক প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ ক্ষেত্রে সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারই নবনির্বাচিত সদস্যদের শপথ পড়াবেন। সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচন করা হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত নেতা রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানালে তাকে আমন্ত্রণ জানানো হবে এবং এরপরই নতুন মন্ত্রিসভা শপথ নেবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ