নতুন সরকার বিদেশি চুক্তি ও ঋণ পরিস্থিতি পুনর্মূল্যায়ন করবে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
অন্তর্বর্তী সরকারের বিদেশের সঙ্গে করা সকল চুক্তি খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ডকুমেন্টসের মাধ্যমে দেশের দায়–দেনা পরিস্থিতি এবং বিগত সরকারের সমস্ত ক্রয় চুক্তি বিস্তারিতভাবে পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে চুক্তিগুলোতে কোনো নিয়ম-নীতি লঙ্ঘন হয়েছে কি না তা নিশ্চিত করা দরকার। তিনি উল্লেখ করেছেন, এই চুক্তিগুলো কেবল যুক্তরাষ্ট্র বা বন্দর সংক্রান্ত নয়, আরও অন্যান্য ক্ষেত্রে হয়েছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা সম্পূর্ণভাবে অবহিত নই।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘নতুন সরকারের সূচনাবিন্দু: অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে দেবপ্রিয় ভট্টাচার্য এসব মন্তব্য করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের ঋণ ও দায়–দেনা পরিস্থিতি আরও দুর্বল অবস্থায় রেখে গেছে। এর পেছনে কারণ হতে পারে রাজস্ব আদায়ে ঘাটতি, চলতি ব্যয় সংকোচন না করা, অথবা বার্ষিক উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে সমন্বয় না করা। বাস্তবতা হলো, নতুন বিএনপি সরকার আরও নাজুক অর্থনৈতিক অবস্থার মুখোমুখি হবে।
তিনি আরও বলেন, বৈদেশিক চুক্তিগুলো পুনরায় বিবেচনা করা প্রয়োজন, যাতে নতুন সরকারের উপর কী ধরনের দায়–দায়িত্ব বর্তায় তা স্পষ্ট হয়। ট্র্যানজিশন দল যদি এই ময়নাতদন্ত করতে সক্ষম হয়, তবে সরকার অনেক অন্যান্য কাজও সহজভাবে করতে পারবে।
ড. ভট্টাচার্য সরকারের উদ্দেশে বলেন, কিছুটা ধৈর্য ধারণ করা জরুরি। সিদ্ধান্ত নিতে হবে– তারা কি দ্রুত কাজ করবে, নাকি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যাবে। ১৮০ দিনের মধ্যে কোনো তাত্ক্ষণিক পদক্ষেপ নেওয়ার পরিবর্তে অর্থনীতিকে স্থিতিশীল করার ওপর জোর দেওয়া উচিত। তিনি সতর্ক করেন, জনতুষ্টি মূলক কোনো পদক্ষেপ নেওয়া বিপজ্জনক হতে পারে।
অনুষ্ঠানে সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, সরকারের প্রথম পরীক্ষা হবে তারা কতটা বাস্তবসম্মতভাবে বাজেট সংশোধন করতে পারবে এবং আগামী বছরের বাজেটের কাঠামোকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে পারবে কি না। তিনি আরও বলেছেন, বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে; একবারে সব বাস্তবায়ন সম্ভব হবে না, কারণ আর্থিক সক্ষমতা এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে।
সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে