Views Bangladesh Logo

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক ৬ এপ্রিল

আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)বৈঠক। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ওইদিন সকাল সাড়ে ১০টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

প্রথম বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হবে, যার মধ্যে ৯টি নতুন প্রকল্প রয়েছে।

এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প একনেকে অবহিতির জন্য উপস্থাপন করা হবে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।

নতুন ৯টি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো—পানিসম্পদ মন্ত্রণালয়ের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, স্থানীয় সরকার বিভাগের সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) এবং চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪। পাশাপাশি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন (চতুর্থ পর্যায়) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইটি ট্রেইনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পও রয়েছে।

স্বাস্থ্য খাতে ৮টি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন এবং গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পও তালিকায় রয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পও আলোচনায় উঠবে।

নগর অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ এবং ঢাকার জরুরি পানি সরবরাহ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সাভারের সোনানিবাসে সৈনিকদের জন্য ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও রয়েছে।

সড়ক ও যোগাযোগ খাতে বৈরাগীপুর (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) সড়ক উন্নয়ন, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রশস্তকরণ, রাঙামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ এবং পার্বত্য অঞ্চলে সীমান্ত সড়ক নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প উপস্থাপন করা হবে। এছাড়া ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্পও রয়েছে।

এদিকে, পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প একনেক সভায় অবহিতির জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সড়ক, পানি সম্পদ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্থানীয় সরকার এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ