নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস জানা জরুরি: ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস জানা অত্যন্ত জরুরি। যুদ্ধ তো শুধু একবার হয়নি, ভবিষ্যতেও নতুন যুদ্ধ আসবে। আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ যেন প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার উৎস হিসেবে থাকে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমসহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা।
বৈঠকে ড. ইউনূস বলেন, দায়িত্ব নেওয়ার পর তাদের লক্ষ্য ছিল প্রকৃত মুক্তিযোদ্ধাদের সনাক্ত করা এবং ভুয়া ব্যক্তিদের চিহ্নিত করা।
তিনি আরও বলেন, ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া একটি পবিত্র কাজ, যা দেশের স্থায়ী মঙ্গলের জন্য অপরিহার্য।
মুক্তিযোদ্ধারা প্রধান উপদেষ্টার উদ্যোগের প্রশংসা জানিয়ে বলেন, আগের সরকারের ভুল নীতির কারণে মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল। আপনার উদ্যোগে তা পুনঃস্থাপন করা হচ্ছে।
তারা আরও বলেন, সংবিধান সংস্কারের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ রক্ষা করা সম্ভব হবে।
বৈঠকে ড. ইউনূস বলেন, সরকারে থাকা বা না থাকা মূল নয়; নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তিনি পালন করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে