Views Bangladesh Logo

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ধরে রাখা না গেলে স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও একসময় হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর শাহবাগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্ম যদি এই ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে ব্যর্থ হয়, তবে জাতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তিনি বলেন, অনেকেই বর্তমানে একাত্তরের ইতিহাসকে নানা বিষয়ের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেন, যা সঠিক নয়। একাত্তরের মুক্তিযুদ্ধ না হলে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হতো না।

মুক্তিযুদ্ধের সময়কার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সে সময় দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। অসংখ্য গ্রাম পুড়িয়ে দেওয়া হয় এবং সাধারণ মানুষের ওপর নৃশংস নির্যাতন চালানো হয়। নারী নির্যাতনের বিভীষিকাময় ঘটনাগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তাদের মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হতো।

নিজের স্মৃতিচারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে সেপ্টেম্বরের শেষ দিকে বিলোনিয়া সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তিনি এমন এক নারীর করুণ অবস্থা দেখেছিলেন, যাকে একটি বাঙ্কারে বেঁধে দীর্ঘ সময় ধরে নির্যাতন করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, এ ধরনের পাশবিক নির্যাতনের পেছনেও রাজাকারদের ভূমিকা ছিল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি। কারণ ইতিহাস ভুলে গেলে স্বাধীনতার প্রকৃত তাৎপর্যও একসময় হারিয়ে যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ