সৌদি আরবে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা গ্রহণে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে পূর্বনির্ধারিত সময় ছাড়া কোনো আবেদনকারীর বায়োমেট্রিক গ্রহণ করা হবে না।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা নিতে আবেদনকারীদের অতিরিক্ত উপস্থিতির কারণে দূতাবাসের কার্যালয় ও আশপাশের এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে শৃঙ্খলা বজায় রাখতে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বায়োমেট্রিক দেওয়ার আগে আবেদনকারীদের দূতাবাসের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে আগাম সময় নিতে হবে। এ জন্য নির্ধারিত ‘https://passportriyadh.com/appointment’ লিংকে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলা হয়েছে।
তবে যেসব আবেদনকারীর বায়োমেট্রিক দেওয়ার তারিখ ও সময় ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে, তারা আগের নির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে গিয়ে সেবা নিতে পারবেন।
ভিড় ও বিশৃঙ্খলা এড়িয়ে প্রবাসীদের সুশৃঙ্খলভাবে সেবা দেওয়ার স্বার্থে নতুন নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
মতামত দিন