Views Bangladesh Logo

ডিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে বিদায়ী কমিশনার মো. মাইনুল হাসানের নিকট থেকে তিনি দায়িত্ব নেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শেখ মো সাজ্জাত আলী ডিএমপি হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বিদায়ী কমিশনার মো মাইনুল হাসান।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবনিযুক্ত পুলিশ কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া শেষে নবনিযুক্ত পুলিশ কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মো. মাইনুল হাসানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

শেখ মো. সাজ্জাত আলী ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন।

উপ-পুলিশ কমিশনার হিসেবে তিনি ডিএমপি, পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন করেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি পদে পদোন্নতি লাভ করে তিনি হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব সফলতার সাথে পালন করেন।

২০১৬ সালে ৩ নভেম্বর তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমান সরকার কর্তৃক গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন এবং দেশে-বিদেশে পেশাগত নানা প্রশিক্ষণ গ্রহণ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ