Views Bangladesh Logo

পুলিশের অধীনে যুক্ত হচ্ছে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের অধীনে আগামী সপ্তাহে পৃথক সাইবার নিরাপত্তা ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজধানী থেকে শুরু করে মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে এ ইউনিটের কার্যক্রম বিস্তৃত করা হবে বলে জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের জন্য একটি স্বতন্ত্র ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ইউনিটের নেতৃত্বে পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) পদ সৃষ্টির প্রয়োজন হলে সেটিও করা হবে।

তিনি জানান, নতুন ইউনিটের শাখা দেশের সব মেট্রোপলিটন এলাকা, বিভাগ ও জেলায় থাকবে। থানা ও জেলা পর্যায়েও সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সাইবার অপরাধের জটিলতা বিবেচনায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে আলাদাভাবে সক্ষমতা গড়ে তোলা হবে। বড় ধরনের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা ইউনিট গঠনের জন্য প্রকল্প প্রণয়নের কাজ শুরু করতে কয়েক সপ্তাহ আগেই সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জটিল ও উচ্চপর্যায়ের অপরাধের বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। আর স্থানীয় পর্যায়ে বিশ্লেষণ ও সমাধান করা সম্ভব এমন অভিযোগ থানা, জেলা ও বিভাগীয় পর্যায়েই মোকাবিলা করা হবে।

সাইবার অপরাধের ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেসকে ব্যবহার করে সংঘটিত অপরাধ এখন আধুনিক অপরাধপ্রবণতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এ কারণে প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

সাইবার অপরাধের পাশাপাশি অনলাইনভিত্তিক প্রতারণা বা স্ক্যামও বাড়ছে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তার মতে, বিশ্বের কোনো কোনো দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা স্ক্যামভিত্তিক অপরাধের সঙ্গে সম্পর্কিত। এ বাস্তবতায় বাংলাদেশেও সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ