Views Bangladesh Logo

পুনরায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় পুনরায় একটি কমিশন গঠন করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং সেই কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, বিষয়টি সরকারের নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় চেইন অব কমান্ড স্পষ্ট রাখতে হবে। নির্বাচনের আগে লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগের যে প্রক্রিয়া চালু হয়েছিল তা পর্যালোচনা করা হবে। অনেক ক্ষেত্রে যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য না রেখে পদায়ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সার্ভিস রেকর্ড বিবেচনায় নিয়োগ হওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন এবং এ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের বিভিন্ন মামলায় সুযোগসন্ধানী একটি চক্র সাধারণ মানুষকে হয়রানির জন্য আসামি করেছে বলে অভিযোগ রয়েছে। এসব মামলা পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৃত চিত্র তুলে ধরতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না। তবে একই সঙ্গে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। রাজনৈতিক কারণে বিধির বাইরে কাউকে পুলিশ সুপারদের প্রোটোকল না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ