Views Bangladesh Logo

নতুন বাজেট মানুষের ভাগ্য বদলে দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের মূল লক্ষ্য। জনগণের জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ সকালে ঢাকা থেকে বিমানে ওঠার আগে পত্রিকাগুলো দেখছিলাম। প্রায় প্রতি বছরই বাজেট ঘোষণার পর বিভিন্ন পণ্যের দাম বাড়ার খবর শোনা যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, এবারের বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত কোনো পণ্যের দাম বাড়েনি। এটি দেশের মানুষের জন্য একটি ইতিবাচক বার্তা।

তিনি আরও বলেন, আমাদের কাজ হলো দেশের মানুষের ভাগ্য বদলে দেওয়া। সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। জনগণের কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।

স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। এর ফলে গ্রামীণ এলাকার মানুষকে চিকিৎসার জন্য দূরদূরান্তে ছুটতে হবে না এবং নিজ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পাওয়া সহজ হবে।

তিনি বলেন, আমরা নতুন করে বলতে চাই—করব কাজ, গড়ব দেশ। সবার আগে বাংলাদেশ। এই দেশ আমাদের সবার, তাই উন্নয়নের সুফলও সবাইকে পৌঁছে দিতে হবে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান। সফরের শুরুতে তিনি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এবং সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন।

পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া পেকুয়া উপজেলার জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।

সফরকালে প্রধানমন্ত্রী নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ