Views Bangladesh Logo

প্রেস কাউন্সিল কমিটি থেকে নাম সরানোর ‘অনুরোধ’ নিউ এইজ সম্পাদকের

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ প্রেস কাউন্সিলের পুনর্গঠিত কমিটি থেকে নিজের নাম প্রত্যাহারের ‘অনুরোধ’ জানিয়েছেন নিউ এইজ সম্পাদক নূরুল কবীর।

সোমবার তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের ১২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও নিউ এইজের নূরুল কবীরকে সদস্য হিসেবে রাখা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার পর এক ফেইসবুক পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন নূরুল কবীর।

প্রেস কাউন্সিলের এই কমিটিতে তিনি থাকতে চান না উল্লেখ করে সেই ফেসবুক পোস্টে তিনি লেখেন, তথ্য মন্ত্রণালয়ের গেজেট প্রকাশের আগে সরকারের তরফ থেকে কেউ তার সম্মতি নেয়নি।

নূরুল কবীর ফেইসবুকে লেখেন, “অত্যন্ত অবাক করার বিষয় হল, তথ্য মন্ত্রণালয় প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে আমার নাম, সেটাও ভুল বানানে গেজেটভু্ক্ত করেছে আমার পূর্বানুমোদন ছাড়াই। অতীতে একাধিক সরকার এ কাউন্সিলে থাকতে আমাকে অনুরোধ করেছে, যা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি।

“কিন্তু এবার সরকার বা অন্য কেউ আমার সম্মতি নেওয়ার চেষ্টাটুকুও করেনি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রেস কাউন্সিলের কমিটি থেকে আমার নাম প্রত্যাহারের অনুরোধ করছি।”

প্রেস কাউন্সিলের ১২ সদস্যের এই কমিটিতে নূরুল কবীর ও মাহফুজ আনাম ছাড়াও রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম ও বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।

এছাড়া ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উপদেষ্টা আখতার হোসেন খান রয়েছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব মো. ফখরুল ইসলাম ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনও আছেন কমিটিতে।

এর আগে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান করে অন্তর্বর্তী সরকার; তাকে তিন বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ গত ৯ সেপ্টেম্বর বাতিল করা হয়। তার আড়াই মাস পর দায়িত্ব দেওয়া হয় আবদুল হাকিমকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ