Views Bangladesh Logo

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন, সভাপতি শুক্লা

 VB  Desk

ভিবি ডেস্ক

সরকার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। নতুন কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে।

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২১ ও ধারা ১৪(৩) অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে নতুন অ্যাডহক কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার, আয়েশা সিদ্দিকা মানি, অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা, মির্জা ফারজানা রহমান হোসনা এবং অ্যাডভোকেট রুনা লায়লা।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার শারমিন আক্তার রত্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুটার সাবরিনা সুলতানা ও ক্রীড়া সংগঠক সৈয়দা তাসলিমা আক্তার। কোষাধ্যক্ষ করা হয়েছে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক শক্তি রানী মণ্ডলকে।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জুডোকা কামরুন নাহার হিরু, অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি, সাবেক জাতীয় জিমন্যাস্ট পারভীন লায়লা লুসিসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সংগঠক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদরা।

সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, নতুন অ্যাডহক কমিটি বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে দৃশ্যমান, ইতিবাচক ও দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে সর্বোচ্চ চেষ্টা করবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ