ভাবমূর্তির সংকট কাটিয়ে দুদককে জনবান্ধব করার প্রত্যয় নতুন সচিবের
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব মো. সাইদুর রহমান খান প্রতিষ্ঠানটির ভাবমূর্তির সংকট কাটিয়ে একে আরও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের ইচ্ছা প্রকাশ করেছেন।
রোববার (২ আগস্ট) বিকেলে দুদক কার্যালয়ে সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মো. সাইদুর রহমান জানান, একটি সার্চ কমিটি ইতিমধ্যে গঠিত হয়েছে এবং শিগগিরই কমিশন গঠন করা হবে। তিনি বলেন, "নতুন সরকার গঠিত হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার রয়েছে। বেশ কিছু সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা একটি রূপান্তরকালীন সময় পার করছি। এরই অংশ হিসেবে আমি এখানে যোগ দিয়েছি।"
সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি নির্মূল অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, "দুদক নিয়ে নানা গুজব ও নেতিবাচক ধারণা প্রচলিত আছে। আমরা এই নেতিবাচক ধারণা দূর করে দুদককে আরও জনবান্ধব করতে চাই। আমরা এটিকে মানুষের কাছে নিয়ে যেতে চাই এবং আমাদের যে ভাবমূর্তির সংকট ছিল, তা কাটিয়ে উঠতে চাই। এ ক্ষেত্রে আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে একযোগে কাজ করব।"
তিনি আরও বলেন, "আমাদের অঙ্গীকার হলো সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা। পাশাপাশি দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। দুর্নীতি নির্মূল না করে সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতি বিদায় করতেই হবে।"
এর আগে গত ২৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সাইদুর রহমান খানকে দুদকের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং বিদায়ী সচিব মোহাম্মদ খালেদ রহিমের স্থলাভিষিক্ত হন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা সাইদুর রহমান খান এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের গ্রিনিচ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন।
মতামত দিন