Views Bangladesh Logo

কোনোদিন ভাবতে পারিনি কোটা আন্দোলনে এতগুলো তাজা প্রাণ যাবে: প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

কোটাবিরোধী আন্দোলনের সুযোগ নিয়ে দেশব্যাপী সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দিতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আন্দোলনের নামে যেসব ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, অনেকগুলো প্রাণ শেষ হয়ে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি, এই সময় এ ধরনের অবস্থা সৃষ্টি হবে, আর সেখানে এতগুলো তাজা প্রাণ যাবে।"

বুধবার (৩১ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকার প্রধান বলেন, আমরা এ বিষয়ে সুষ্ঠু ও নিষ্ঠ তদন্তের জন্য আমরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা কামনা করছি। বিষয়টির সাথে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে। কারণ আমি জানি এ ব্যাপারে আমার কোনো গাফিলতি নেই।

শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘কষ্টের বিষয় হলো যেখানে কোনো ইস্যুই ছিল না। যে কোটা আমি সম্পূর্ণ বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের রায় হয়ে এটাকে যখন আবার নিয়ে আসা হয় তখন আমরা সরকারের পক্ষ থেকে আপিল করি। আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজেই আবার সেই কোটা ফিরে আসে।’

শেখ হাসিনা বলেন, ‘আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বিশ্ব আজ বাংলাদেশকে সম্মানের সঙ্গে দেখে। সেই দেশে আবার রক্ত ঝরবে, কেন এই রক্ত।’

তিনি আরও বলেন, ‘আমি তো আরাম-আয়েশ করার জন্য ক্ষমতায় আসিনি। আমি দিন-রাত পরিশ্রম করেছি বাংলাদেশকে উন্নত করতে, আর সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সে মর্যাদা কেন নষ্ট করা হলো।’

অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ