এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি: বাউলশিল্পী শফি মণ্ডল
কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরিফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং দরবারের প্রধান পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের পর জনপ্রিয় বাউলশিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হোসেনাবাদ এলাকায় তার আখড়াবাড়িতে নিরাপত্তার স্বার্থে পুলিশ পাহারা বসানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শফি মণ্ডল বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং পুরো পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন না।
তিনি বলেন, ব্যাপারটা পুরোপুরি জানি না, কারণ আমি ঢাকায় আছি।
বাড়িতে পুলিশ মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, আমি দেশের বিভিন্ন দরবারে গান করি। দেড় বছর আগে ওই দরবারে একবার গিয়েছিলাম। সেখানে তোলা একটি ছবি পরে ভাইরাল করা হয়েছে। এরপর সেটিকে কেন্দ্র করে নানা ধরনের কথা ছড়ানো হয়।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টে আমার বাড়িতে হামলার আশঙ্কার কথা ছড়ানো হয়। এরপর নিরাপত্তার বিষয় বিবেচনা করে সরকার আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন করেছে।
সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পৈতৃক বাড়ি আগেই নদীগর্ভে বিলীন হয়েছে। পরে হোসেনাবাদে আখড়া নির্মাণ করা হয়, যা এখনো নির্মাণাধীন।
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হলেও তিনি বলেন, এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। কারও সঙ্গে আমার কোনো দ্বন্দ নেই, কারও বিরুদ্ধে অভিযোগও নেই।
হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে তা আইনগতভাবে সমাধান করা উচিত, এভাবে সহিংসতা গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, গত শনিবার ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পীর শামীম নিহত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে