চাকরি স্থায়ীকরণ না হলে আত্মহত্যার হুমকি নেসকো কর্মচারীদের
চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি লিমিটেডের (নেসকো) পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা। রাজশাহী নেসকো কার্যালয়ের ভেতরে রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজশাহী ও রংপুর বিভাগের পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এসময় কাফনের কাপড় পড়ে মানববন্ধনে অংশ নেন তারা। চাকরি স্থায়ীকরণ না হলে আত্মহত্যার হুমকি দেন আন্দোলনকারীরা।
গত ১৫ জানুয়ারি থেকে রাজশাহীতে এ কর্মবিরতি শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মীরা।
আন্দোলনকারীরা কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, এখন পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি। ২০ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে কাজ করছেন। পরিবার-পরিজন নিয়ে বর্তমানে চরম হতাশার মধ্যে তাদের জীবনযাপন করতে হচ্ছে।
এসময় চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে তারা বলেন, তাদের দাবি চাকরি স্থায়ীকরণ করতে হবে। যতদিন দাবি মেনে নেওয়া না হবে ততদিন তারা কর্মবিরতি দিয়ে মাঠে থাকবেন। আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে অস্থায়ী পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের মুখপাত্র আনোয়ার হোসেন, গোলাম কবীরসহ রাজশাহী ও রংপুর বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে