মুন্সিগঞ্জে চাচাকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশের মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে চাচাকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি গ্যানেট রোজারিও (৫৪) এবং নিহত মাইকেল রোজারিও সম্পর্কে চাচা-ভাতিজা ছিলেন। তারা দুজনই মার্কিন নাগরিক।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার সময় পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। ২০২১ সালে তারা বাংলাদেশে এসে মুন্সিগঞ্জে পারিবারিক বাড়িতে অবস্থান করছিলেন।
আদালতের নথি অনুযায়ী, ২০২১ সালের ১১ জুন সন্ধ্যায় গ্যানেট রোজারিও ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভেতর থেকে চাচার সঙ্গে বাগ্বিতণ্ডার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি ঘরে থাকা একটি শটগান নিয়ে এসে জানালার দিকে গুলি ছোড়েন। গুলিটি মাইকেল রোজারিওর শরীরে লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর ২০২৩ সালের জুলাইয়ে গ্যানেট যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয় এবং তিনি আদালতে দোষ স্বীকার করেন।
মামলাটি তদন্ত করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে বিচার শেষে তাঁকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় এফবিআইসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে