ময়মনসিংহে চাচার দায়ের কোপে প্রাণ গেল ভাতিজার
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চাচার দায়ের কোপে মোহাম্মদ রিফাত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত একই গ্রামের মো. মনসুর আলীর ছেলে। অভিযুক্ত চাচা মো. মনির হোসেন (৩০) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। জানা গেছে, মনসুর আলী ও মনির হোসেন সৎ ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির হোসেন এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকাল থেকেই মনির বাড়িতে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। এক পর্যায়ে তিনি ধারালো দা দিয়ে নিজের ছেলেকে মারতে যান।
এ সময় ভাতিজা রিফাত বাধা দিতে এগিয়ে এলে মনির তার ওপর হামলা চালান এবং হাঁটুর নিচে কোপ দেন। এতে রিফাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে