রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বে সফলতা কামনা করেন তিনি।
বার্তায় নেপাল ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন রামচন্দ্র পৌডেল। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নেপালের রাষ্ট্রপতি বলেন, ঐতিহাসিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের বন্ধনে আবদ্ধ নেপাল ও বাংলাদেশ ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করার পর নির্বাচন কমিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর একদিন পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গত ২৪ জুলাই আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুসারে অন্তর্বর্তীকালীন সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মতামত দিন