ভয়াবহ বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
নেপালের ভোটেকোশি নদীতে আকস্মিক ভয়াবহ বন্যায় একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে যাওয়ার পর ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহের প্রবল বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য নির্ধারিত দুটি প্রধান জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকে কেন্দ্র দুটিতে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।
ক্ষতিগ্রস্ত কেন্দ্র দুটি হলো— ২২.১ মেগাওয়াট উৎপাদনক্ষমতা সম্পন্ন 'চিলিমে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট' এবং ২৪ মেগাওয়াট ক্ষমতার 'ত্রিশূলী হাইড্রো পাওয়ার স্টেশন'।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠা বলেন, ‘বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী দুটি প্রকল্পই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে আমরা বিকল্প হিসেবে অন্য একটি প্রকল্প থেকে বিদ্যুৎ পাঠানোর অনুমতি চেয়ে ভারতের কাছে আবেদন করেছি। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শূন্যের কোঠায় নেমে এসেছে।’
সাধারণত বর্ষা মৌসুমে নেপালের নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় এটি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে নেপাল এই মৌসুমে গড়ে প্রায় ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে আসছিল। এই অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেয় দেশটি।
তবে চলতি বছরে এই নদীগুলোই বিধ্বংসী রূপ ধারণ করেছে। গত ২৬ আগস্ট ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যায় ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়। ফলে বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর ফলে দেশটিতে বিদ্যুৎ উৎপাদন ১,০০০ মেগাওয়াট থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৬৫০ মেগাওয়াটে। যার সরাসরি প্রভাব পড়ল ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশে আসা বিদ্যুৎ সরবরাহেও।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ জানুয়ারি নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ), ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড (এনভিভিএন) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বিদ্যুৎ চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে নেপাল।
মতামত দিন