Views Bangladesh Logo

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস নেপালের

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবার সক্রিয় করার লক্ষ্যে একমত হয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

বুধবার (২৯ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এই আশাবাদ ব্যক্ত করেন তারা। আলোচনায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল স্মরণ করেন, দক্ষিণ এশীয় দেশগুলোর কাঙ্ক্ষিত উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়াতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, সংস্থাটিকে পুনরায় কার্যকর করে সেই লক্ষ্য অর্জনের সুযোগ এখনও রয়ে গেছে, আর এক্ষেত্রে নেপালকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। জবাবে নেপালের রাষ্ট্রদূতও একই মত পোষণ করেন।

নেপালের ফেডারেল পার্লামেন্টে ইতোমধ্যে বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠিত হওয়ার বিষয়ে অবগত হয়ে নেপালের স্পিকার দোল প্রসাদ আর্যালকে ধন্যবাদ জানান কায়সার কামাল। পাশাপাশি বাংলাদেশের জাতীয় সংসদেও শিগগিরই অনুরূপ একটি মৈত্রী গ্রুপ গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি, যার মাধ্যমে সংসদীয় কূটনীতি জোরদার, পারস্পরিক সংসদীয় সফর, আইন প্রণয়ন ও সুশাসনবিষয়ক অভিজ্ঞতা বিনিময়সহ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন।

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির প্রসঙ্গ টেনে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, শিক্ষা, সংস্কৃতি, যুব ও জনসংযোগ, পানি, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে আলোচনার পরিসর আরও বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারে দুই দেশ।

এ সময় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন যাত্রার প্রশংসা করেন এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই জাতিসংঘের এলডিসি গ্রাজুয়েশন অর্জন করবে বাংলাদেশ।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতিক কার্কি ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ