বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’ ঝড়, মুক্তির শুরুতেই ৫০০ কোটি টাকার আয়
হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির প্রথম দিনেই বিশ্ব বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত ফ্যান্টাসি ঘরানার এ চলচ্চিত্র মুক্তির শুরুতেই বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯০ কোটি টাকা) আয় করেছে।
আন্তর্জাতিক বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকায় প্রিভিউ শো থেকেই সিনেমাটি আয় করেছে ১ কোটি ৭৬ লাখ ডলার। চলতি বছরে কোনো চলচ্চিত্রের প্রিভিউ থেকে এটিই সর্বোচ্চ আয়। এর আগে ‘টয় স্টোরি ফাইভ’ প্রিভিউ থেকে ১ কোটি ৭৫ লাখ ডলার আয় করেছিল।
যুক্তরাষ্ট্রের বাইরে ৭৩টি বাজার থেকে আরও ২ কোটি ২২ লাখ ডলার আয় করেছে ‘দ্য ওডিসি’। বিশ্বজুড়ে ১৩ হাজার ৩০০টির বেশি সিনেমা হলে ২৫ হাজারের বেশি পর্দায় সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো বড় বাজার।
ইউরোপ ও ওশেনিয়ার বিভিন্ন দেশেও সিনেমাটি শীর্ষ অবস্থানে রয়েছে। ফ্রান্সে প্রায় ৫০ লাখ, অস্ট্রেলিয়ায় ৩৭ লাখ এবং ইতালিতে ২৫ লাখ ডলার আয় করেছে। পাশাপাশি মেক্সিকো, জার্মানি ও ব্রাজিলে ক্রিস্টোফার নোলানের আগের চলচ্চিত্রগুলোর উদ্বোধনী আয়ের রেকর্ডও ভেঙেছে ‘দ্য ওডিসি’।
বাংলাদেশেও মুক্তির প্রথম দিনেই বছরের সর্বোচ্চ উদ্বোধনী আয় করেছে সিনেমাটি। বক্স অফিস মনিটরিং রিপোর্ট (বিএমআর) অনুযায়ী, দেশের সিনেপ্লেক্সগুলো থেকে প্রথম দিনেই প্রায় ৩৮ লাখ টাকা আয় করেছে চলচ্চিত্রটি। স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মোট ৪৯টি প্রদর্শনীর মধ্যে ২১টি ছিল হাউসফুল এবং আরও তিনটি প্রায় পূর্ণ ছিল। সার্বিকভাবে দর্শক উপস্থিতির হার ছিল ৬৬ শতাংশ।
ভারতেও দারুণ সূচনা করেছে ‘দ্য ওডিসি’। মুক্তির প্রথম দিনে দেশটিতে সিনেমাটির মোট আয় হয়েছে ২০ কোটি ৭৬ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি টাকা)। নিট আয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৪০ লাখ রুপি। ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগু—চার ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটির মধ্যে ইংরেজি সংস্করণ থেকেই সর্বোচ্চ ১৩ কোটি ৭৫ লাখ রুপি আয় এসেছে।
গ্রিক কবি হোমারের বিখ্যাত মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। ট্রয় যুদ্ধ শেষে নিজ রাজ্য ইথাকায় ফিরে যাওয়ার পথে রাজা ওডিসিউসের বিপদসংকুল অভিযানের কাহিনি তুলে ধরা হয়েছে এতে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়া ও শার্লিজ থেরনসহ একাধিক তারকা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
মতামত দিন