Views Bangladesh Logo

পৌনে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৮ হাজার শিশু নিহত: রোড সেইফটি ফাউন্ডেশন

২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পৌনে সাত বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৯৫৮ জন মোটরসাইকেলের চালক ও আরোহী ছিল।

বুধবার (২১ অক্টোবর) রোড সেইফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নয়টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থাটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুদের মধ্যে ২ হাজার ৮১২ জন পথচারী হিসেবে রাস্তা পারাপার ও হাঁটার সময় যানবাহনের ধাক্কায় মারা গেছে। এ ছাড়া বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে প্রাণ হারিয়েছে ২ হাজার ১৯৩ শিশু।

বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, নিহত শিশুদের মধ্যে ১৩ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৫৪৭ জন। এ ছাড়া ৬ থেকে ১২ বছর বয়সী ২ হাজার ৮৮৪ জন এবং শূন্য থেকে ৫ বছর বয়সী ১ হাজার ৫৩২ জন শিশু মারা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৫১৩ জন শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ছাড়া বসতবাড়ির আশপাশের সড়কে খেলার সময় দুর্ঘটনায় মারা গেছে ৯৬২ শিশু।

সড়কের ধরন অনুযায়ী, গ্রামীণ সড়কে সবচেয়ে বেশি ২ হাজার ৭১৩ শিশুর মৃত্যু হয়েছে। আঞ্চলিক সড়কে ২ হাজার ৮২ জন, মহাসড়কে ১ হাজার ৯৭৪ জন এবং শহরের সড়কে ১ হাজার ১৯৪ শিশু প্রাণ হারিয়েছে।

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ৩৩ দশমিক ০৭ শতাংশ শিশু মারা গেছে বিকেলের দুর্ঘটনায়। এ ছাড়া সকালে ২৭ দশমিক ২২ শতাংশ এবং দুপুরে ২২ দশমিক ৭৬ শতাংশ শিশু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

রোড সেইফটি ফাউন্ডেশনের মতে, সড়ক ও পরিবহনব্যবস্থা শিশুবান্ধব না হওয়া, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতা ও প্রশিক্ষণের অভাব, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে যানবাহন চালানো এবং আহত শিশুদের যথাযথ চিকিৎসার অভাব শিশু মৃত্যুর অন্যতম কারণ।

সংস্থাটি বলছে, গ্রামীণ সড়কগুলো বসতবাড়ির কাছাকাছি হওয়া এবং যানবাহন চলাচলে নিয়মনীতি না মানার কারণে এসব সড়কে শিশু হতাহতের সংখ্যা বেশি।

শিশুদের সড়ক দুর্ঘটনায় মৃত্যু রোধে সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়ন, অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়ককে শিশুদের জন্য নিরাপদ করার দাবি জানিয়েছে সংস্থাটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ