Views Bangladesh Logo

এক বছরের মধ্যে ৫০ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের মাঝে 'ফ্যামিলি কার্ড' বা পারিবারিক কার্ড বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। শনিবার (১৬ মে) বিকেলে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জ বাজারে বিএনপি আয়োজিত এক পথসভায় এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে। এই কর্মসূচির জন্য আগামী জাতীয় বাজেটে বরাদ্দ অনেক বেশি থাকবে।’

তিনি আরও জানান, এই জনকল্যাণমূলক উদ্যোগটি পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারিত করা হবে। আগামী এক বছরের মধ্যে প্রায় ৫০ লাখ পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দলীয় হাতকে আরও শক্তিশালী করার জন্য পথসভায় উপস্থিত দলীয় নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে এবং দেশের পরিকল্পিত উন্নয়ন এজেন্ডাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাবে।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় লাকসাম ও মনোহরগঞ্জের স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ