৮ দিনে যমুনা সেতুতে প্রায় ১৮ কোটি টাকার টোল আদায়
ঈদুল ফিতর ঘিরে যমুনা সেতুতে যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে টোল আদায়ও ব্যাপকভাবে বেড়েছে। গত ১৬ মার্চ রাত ১২টা থেকে ২৩ মার্চ রাত ১২টা পর্যন্ত আট দিনে সেতুটি থেকে মোট ১৭ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।
এই সময়ে মোট ২ লাখ ৫৪ হাজার ১৭৫টি যানবাহন সেতুটি পারাপার করে। প্রতি বছরের মতো এবারও ঈদকে ঘিরে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
দৈনিক হিসাবে দেখা যায়, ১৬ মার্চ ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন থেকে ২ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৭০০ টাকা আদায় হয়। ১৭ মার্চ ৪৬ হাজার ৯৩৮টি যানবাহন থেকে ৩ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৬৫০ টাকা এবং ১৮ মার্চ সর্বোচ্চ ৫১ হাজার ৫৯২টি যানবাহন পারাপারে আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ৬৫০ টাকা।
১৯ মার্চ ৪৫ হাজার ৬৩৩টি যানবাহন চলাচল করে। ২০ মার্চ ১৬ হাজার ৯৬১টি যানবাহন থেকে ১ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৪৫০ টাকা এবং ২১ মার্চ ১৩ হাজার ৯১০টি যানবাহন থেকে ৬১ লাখ ৩ হাজার ৩০০ টাকা আদায় হয়। ২২ মার্চ ১৮ হাজার ৩৩৭টি যানবাহন থেকে ১ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৯৫০ টাকা এবং ২৩ মার্চ ২৫ হাজার ১৪৬টি যানবাহন থেকে ১ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ২৫০ টাকা টোল আদায় করা হয়।
ঈদ উপলক্ষে যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে সেতুতে ১৮টি টোল বুথ চালু রাখা হয়। এর মধ্যে মোটরসাইকেলের জন্য দুই পাশে দুটি করে পৃথক বুথ ছিল।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদে ঘরমুখো যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছেন। ঈদের আগের দিন ছাড়া উল্লেখযোগ্য কোনো যানজট দেখা যায়নি এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে