এনসিটিবিসহ পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)সহ দেশের পাঁচটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, এনসিটিবির পাশাপাশি ঢাকা, বরিশাল, যশোর ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন নেতৃত্ব আনা হয়েছে।
নতুন নিয়োগ অনুযায়ী, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রামের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মওলা এনসিটিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনার হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুক আজম মো. আবদুস সালামকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
এছাড়া বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুজ্জামান।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় নজরদারি আরও কার্যকর করতেই এসব পরিবর্তন আনা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে