Views Bangladesh Logo

সিলেটের গোলাপগঞ্জেও এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

হবিগঞ্জে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনীস্থ পৌরসভা গেট-সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, এনসিপির চলমান ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষ করে বের হওয়ার পরপরই তাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এনসিপির অভিযোগ, এই হামলার পেছনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়িত।

ঘটনার পরপরই দুপুর ২টা ৪২ মিনিটে নিজের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, বিএনপির কর্মীরা তাদের গাড়িতে রক্তাক্ত হামলা চালিয়েছে এবং গাড়ি ভাঙচুর করেছে।

হামলার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবেদ আলী বলেন, প্রোগ্রাম শেষ করে ফেরার পথে সারজিস সালমের গাড়িতে পেছন থেকে ঢিল মারা হয়। এতে গাড়ির পিছনের গ্লাস ভেঙে যায়। এতে কোনো হতাহত ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, এর দুদিন আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির পদযাত্রা চলাকালে সারজিস আলম ও দলটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে, যাতে বেশ কয়েকজন নেতাকর্মী ও দায়িত্বরত কয়েকজন সাংবাদিকও আহত হন। তবে সেই ঘটনায় হামলার অভিযোগ অস্বীকার করেছিলেন স্থানীয় বিএনপি নেতারা। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে এনসিপির নেতাকর্মীদের প্রবেশে পুলিশ বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছে দলটি।

এই পরিস্থিতির প্রেক্ষাপটে সিলেটের গোলাপগঞ্জ, কানাইঘাট ও ওসমানীনগরে এনসিপির নির্ধারিত কর্মসূচি ঘিরে আগে থেকেই উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের অনুরোধে বৃহস্পতিবার ও শুক্রবারের কর্মসূচি উপলক্ষে সিলেটের বিভিন্ন উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন এই বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ