Views Bangladesh Logo

নিজের ভুল স্বীকার করলেন এনসিপির হান্নান মাসউদ

 VB  Desk

ভিবি ডেস্ক

ধানমন্ডি থানায় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় নিজের ভুল স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় এনসিপি।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমন্ডি থানার একটি ঘটনায় আটক তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়। তিন কার্যদিবসের মধ্যে তিনি ‘রাজনৈতিক পর্ষদ’ এর কাছে কারণ দর্শানো নোটিশের লিখিত ও মৌখিক জবাব দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোটিশে উল্লেখিত কর্মকাণ্ডে ভুল ছিল বলে তিনি স্বীকার করেছেন এবং আগামীতে এই ধরণের ভুলের পুনরাবৃত্তি হবে না মর্মে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এর পাশাপাশি থানায় আটককৃত ব্যক্তিদের কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না বলে প্রমাণসাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করা হলো।

গত ২০ মে, হাক্কানি পাবলিশার্সের মালিকের বাড়িতে প্রবেশের চেষ্টায় ধানমন্ডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজনকে আটক করা হয়। পরে মাসুদের তত্ত্বাবধানে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় পুলিশ। যা বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দেয়। এরপর এনসিপি মাসুদকে শোকজ নোটিশ পাঠায়।

নোটিশে উল্লেখ করা হয়, নৈতিক অসদাচরণের কারণে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল মোহাম্মদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে। এরপরও আপনি ( হান্নান মাসউদ) সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদের জামিন করিয়েছেন।

এ জন্য এনসিপি মাসুদকে তিন দিনের মধ্যে তার কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে বলে এবং কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা ব্যাখ্যা করতে নির্দেশ দেয়।

এর আগে গত ১৯ মে রাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেপ্তারে চাপ ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনজন। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে ধানমন্ডি পুলিশ তিন কর্মীকে আটক করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ