Views Bangladesh Logo

'আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেবে না এনসিপি'

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া হবে না উল্লেখ করে ‘গণহত্যার’ দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর এনসিপির বিক্ষোভ সমাবেশে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছেন, তাদের রক্তের শপথ আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না’।

দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের বিদায় হয়নি। হাজারো মানুষের রাজপথ ভেজানো রক্তে এই ‘খুনি-ফ্যাসিস্টদের’ বিদায় হয়েছে। আমাদের পুনর্জন্ম হতে পারে। কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না। বাংলাদেশে যতোবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততোবার সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে।’

‘দেশের মানুষ জীবন দিয়ে জানিয়ে দিয়েছে, আওয়ামী লীগ এ দেশে আর রাজনীতি করতে পারবে না’ বলেও মন্তব্য করেন আখতার হোসেন।

তিনি বলেন, ‘আশ্চর্যের বিষয় হলো, সাত মাস পার হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচারিক কার্যক্রম শুরু করেনি। অন্তর্বর্তী সরকারকে বলব, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না। দ্রুত নিবন্ধন বাতিল করতে হবে’।

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন পর্যন্ত যে বা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছে, তাদেরকে এর মূল্য দিতে হয়েছে। যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাকে জীবন দিয়ে তা পরিশোধ করতে হয়েছে। জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন করেছে, তাদের নেতাকর্মীদের ফাঁসির মাধ্যমে তা পরিশোধ হয়েছে। এরপর আবার আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে। পিলখানা, শাপলা গণহত্যা ও দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে তা পরিশোধ করতে হয়েছে’।

‘আবারও যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়, আপনার-আমার জীবন দিয়ে তার খেসারত দিতে হবে’- বলেন তিনি।

সমাবেশ শেষে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ