Views Bangladesh Logo

সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চায় এনসিপি

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই সনদ, কাঠামোগত সংস্কার, বিগত ফ্যাসিবাদী সরকারের সহযোগীদের বিচার এবং একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সাম্প্রতিক সময়ে এনসিপির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা এবং গুঞ্জনের প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ, কাঠামোগত সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে দিলে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে।” তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে এনসিপি বরাবরের মতোই অবস্থান নিয়েছে।

গণঅভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট সরকার পতনের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের একটি তালিকা সেনাবাহিনীর আইএসপিআর ২২ মে প্রকাশ করে।

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “এই তালিকা যদি ৫ আগস্টের পরপরই প্রকাশ হতো, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকা যেত। আমাদের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর সম্পৃক্ততার নানা দৃষ্টান্ত রয়েছে, যেমন ওয়ান-ইলেভেন। অতীতে এসব ঘটনা দেশের জন্য ভালো কিছু বয়ে আনেনি। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্বের সীমায় থাকা উচিত।”

বিএনপি সম্প্রতি অন্তর্বর্তী সরকারে থাকা গণঅভ্যুত্থনের দুই প্রতিনিধির পদত্যাগ দাবি করেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নাহিদ বলেন, “তারা গণঅভ্যুত্থনের প্রতিনিধিত্ব করেই সরকারে গেছেন—আমি নিজেও তাঁদের একজন ছিলাম। তবে যদি তারা রাজনীতি বা নির্বাচনে অংশ নিতে চান, তাহলে সরকারে থেকে সেটা করা উচিত হবে না। তখন তাদের নিজ সিদ্ধান্তে সরকার থেকে সরে আসা উচিত। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের এনসিপির সঙ্গে যুক্ত করে অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, শহীদ পরিবার, আহতদের পুনর্বাসন এবং অপরাধীদের বিচার ও কাঠামোগত সংস্কারের তদারকি করতেই তারা অন্তর্বর্তী সরকারে গিয়েছিলেন। ফলে সরকারে থাকা না থাকা—এই সিদ্ধান্ত তাদের নিজস্ব এবং সময়োপযোগী হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ