Views Bangladesh Logo

‘শাপলা’ প্রতীক না দিলে আন্দোলনে নামবে এনসিপি

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন জাতীয় নির্বাচনে ‘শাপলা’ প্রতীক না দেয়া হলে রাজনৈতিক আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ জুলাই) প্রতীকটি পেতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন এনসিপির পাঁচজন প্রতিনিধি।

পরে প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনি বাধা নেই। এটি আমাদের একমাত্র পছন্দ। আমাদের এটি নিতে বাধা দেয়া হলে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে তুলে ধরব’।

প্রতিনিধি দলে আরও ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম সমন্বয়কারী খালিদ সাইফুল্লাহ।

বুধবার (৯ জুলাই) নির্বাচনী প্রতীকের তালিকা সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করে যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এনসিপির পছন্দের প্রতীক ‘শাপলা’ এতে অন্তর্ভুক্ত করা হয়নি।

নির্বাচন কমিশনার আবদুর রহমান মাসুদ নিশ্চিত করেন, ‘শাপলা’ প্রতীক সংশোধিত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। “প্রতীকটি সরকারী তফসিলের অংশ হবে না। নীতিগত বিবেচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি,” তিনি বলেন।

ইসি কর্মকর্তাদের মতে, নির্বাচনী প্রতীক শুধুমাত্র নির্বাচনী আচরণবিধিতে বর্ণিত সরকারি তপশিল থেকেই বরাদ্দ করা হয়। আইন মন্ত্রণালয়ে প্রস্তাবটি যাচাই-বাছাইয়ের পর গেজেট বিজ্ঞপ্তি জারি করবে ইসি।

ইসির তালিকাভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি রাজনৈতিক দলগুলোকে বরাদ্দ দেয়া হয়েছে, যার মধ্যে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগও রয়েছে। বাকি ১৯টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। নতুন তালিকা অনুমোদিত হলে জামায়াতের আগে ব্যবহৃত ‘দাঁড়িপাল্লা’ সহ প্রতীকের সংখ্যা বেড়ে হবে ১১৫টি।

২২ জুন নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে এনসিপি, যেখানে ‘শাপলা’ তাদের পছন্দের প্রতীক তালিকার শীর্ষে রয়েছে। প্রতীকটি পেতে এথনও আত্মবিশ্বাসী দলটির নেতারা।

তবে, নাগরিক ঐক্য তাদের বর্তমান প্রতীক কেটলি প্রতিস্থাপন করে একই প্রতীকের আবেদন করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন দলটি ১৭ এপ্রিল এই অনুরোধ জানিয়েছিল। শাপলা পেতে একাধিকবার ইসির সাথে দেখা করেছে দু’দলই।

প্রতীকটি ঘিরে বিতর্ক তৈরির মূল কারণ, ‘শাপলা’ বাংলাদেশের জাতীয় প্রতীক হিসেবেও স্বীকৃত। এটি কোনো দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ