এনসিপির ‘জাতীয় যুব শক্তি’র উদ্বোধন শুক্রবার
আগামী শুক্রবার (১৬ মে) ঢাকার গুলিস্তানে একটি জনসমাবেশের মাধ্যমে তাদের যুব সংগঠন ‘জাতীয় যুব শক্তি’র আনুষ্ঠানিক উদ্বোধন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৩ মে) বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “দল গঠনের পর থেকেই আমরা দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দিয়ে আসছি। আমরা ৬৪টি জেলার মানুষের সঙ্গে যোগাযোগ করছি, তাদের মতামত সংগ্রহ করছি এবং একটি নতুন বাংলাদেশ গড়ার প্রস্তুতি নিচ্ছি। এখন আমাদের সামনে যে সুযোগ এসেছে, তা ১০০ থেকে ২০০ বছরে একবারই আসে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনসংখ্যার ৪০ শতাংশের বেশি তরুণ। যদি আমরা জাতির ভবিষ্যৎ বদলাতে চাই তাহলে এই গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আমাদের অবশ্যই তাদের একত্রিত করতে হবে।”
নাসিরুদ্দিন জোর দিয়ে বলেন, “অতীতে ছাত্র আন্দোলন যেমন স্বৈরাচারের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তেমনি জাতীয় যুব শক্তি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হবে।”
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম প্রধান সমন্বয়ক (যুব) অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে