জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে শিগগিরই আন্দোলন শুরু করবে এনসিপি
শিগগিরই জুলাই-আগস্টের গণআন্দোলনের সহিংসতা, সংস্কার, নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের বিচারের দাবিতে আন্দোলন শুরু করবে নবগঠিত জাতীয় নাগরিক দল (এনসিপি)।
সোমবার (১০ মার্চ) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে ইফতার অনুষ্ঠানে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই আমাদের বলছে, জাতীয় নির্বাচন পিছিয়ে দেয়ার রাজনীতিতে জড়াবেন না। তবে আমরা পাল্টা জবাব দিতে চাই, আপনারা ন্যায়বিচার ও সংস্কার স্থগিতের রাজনীতিতে জড়াবেন না’।
‘ন্যায়বিচার ও সংস্কার নিশ্চিতে সহযোগিতা করুন। আমরা আপনাদের নির্বাচনের ব্যবস্থা করব। আমি সরকারকে দ্রুত ন্যায়বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে বলব’- তিনি আরও বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি নির্বাচনের বিরুদ্ধে নয়। আমরা নির্বাচনে অংশগ্রহণের জন্য দল গঠন করেছি। তবে প্রথমে আমরা ন্যায়বিচার ও সংস্কারের দিকে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই’।
ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।
‘সব হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেন। আহত ও নিহতদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, তাকে যতো তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে এনে বিচার করা হোক’- বলেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘গত ৫৪ বছরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। আমরা চাই, অন্তর্বর্তী সরকার সংস্কারের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নিক’।
তিনি বলেন, ‘শেখ হাসিনার বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবো আমরা’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে