Views Bangladesh Logo

অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর রাজধানীর যমুনায় এ সনদে স্বাক্ষর করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপির নির্বাচন পরিচালনা মিডিয়া কমিটির সদস্য সচিব ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা যমুনায় প্রবেশ করেন।

এ সময় এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। তবে ওই সময় এনসিপি সনদে স্বাক্ষর করেনি। এবার দলটির স্বাক্ষরের মধ্য দিয়ে সনদে নতুন রাজনৈতিক সমর্থন যুক্ত হলো।

এবার স্বাক্ষর করার কারণ ব্যাখ্যা করে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, অক্টোবরে এই সনদ স্বাক্ষরের সময় এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নিশ্চিত ছিলাম না। কিন্তু গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ায় সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে। তাই জনরায়ের পক্ষে অবস্থান নিয়েই আমরা এবার সনদে স্বাক্ষর করলাম। এতে আমাদের ছয়জন এমপির আইনি কর্তৃত্ব থাকবে এবং ভবিষ্যতে কেউ সংস্কারবিরোধী কিছু করলে আমরা তাদের বিরুদ্ধে আইনের আওতায় লড়তে পারব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ