বাহুবলেও ‘পুলিশের বাধা’, বৃষ্টিতে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের পথে রওনা হওয়ার পর আবারও বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এবার হবিগঞ্জের বাহুবল উপজেলার মুচাই এলাকায় তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকেলে পুলিশের বাধার মুখে এনসিপির নেতারা সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। বৃষ্টির মধ্যেই তারা প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নেন।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ তারেক মাহমুদ বলেন, জেলায় ১৪৪ ধারা জারি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে এনসিপি নেতাদের হবিগঞ্জে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায়ও এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। পরে নেতারা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন।
বুধবার বিকেল ৪টার কিছু আগে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।
গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে বুধবার হবিগঞ্জে কর্মসূচি ঘোষণা করে এনসিপি। একই দিনে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। উদ্ভূত পরিস্থিতিতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
মতামত দিন