Views Bangladesh Logo

সেনাবাহিনী ও পুলিশি নিরাপত্তায় এনসিপি নেতাদের গোপালগঞ্জ ত্যাগ

 VB  Desk

ভিবি ডেস্ক

সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তাদের মধ্যে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।


এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান, বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পরে ১৫ থেকে ১৬টি গাড়ির বহরে রওনা হন তারা।


দুপুরে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির সমাবেশ শেষে গোপালগঞ্জ শহর ছেড়ে যাওয়ার সময় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থকরা এনসিপির গাড়িবহরে হামলা চালান। তারা পাথর ও ইট নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং ফাঁকা গুলি ছোড়ে। পৌরপার্ক এবং লঞ্চঘাট এলাকায় সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।


এনসিপির নেতারা পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলে তাদের সমাবেশের চেয়ার ও মঞ্চে আগুন ধরিয়ে দেন হামলাকারীরা।


ক্রমবর্ধমান সহিংসতায় শহরে ১৪৪ ধারা ও কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত চারটি প্লাটুন মোতায়েন করা হয়েছে। শহরজুড়ে গাছ ফেলে রাস্তা, দোকানপাট ও পরিবহন বন্ধ থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ