Views Bangladesh Logo

নিজ বসতঘর থেকে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পশ্চিমপাড়া গ্রাম থেকে মো. শাহীন কাদির (৪৮) নামের ওই নেতার মরদেহ উদ্ধার করা হয়।

শাহীন কাদির ওই গ্রামের মৃত সুনু কাদিরের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আটটার দিকে শাহীন বসতঘরের বারান্দার একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। রাত সাড়ে আটটার দিকে খাবার খাওয়ার জন্য পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি।

একপর্যায়ে দরজা ভেঙে পরিবারের সদস্যরা কক্ষের ভেতরে ঢুকে আড়ার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় শাহীনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হলে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শাহীনের ভাতিজা আসিফ আহমেদ জানান, তার চাচা দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। প্রায়ই ব্যথায় কষ্ট পেতেন। চিকিৎসা করিয়েও তেমন সুফল পাননি বলে জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক আজিজুল হক বলেন, শাহীন কাদির কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তারা বুঝতে পারছেন না। তার মৃত্যুতে দলের নেতাকর্মীরা মর্মাহত।

ধর্মপাশা থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শাহীন দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ