Views Bangladesh Logo

১৪৪ ধারা অমান্য করে হবিগঞ্জের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধা ও সড়কে আড়াআড়ি রাখা ট্রাক সরিয়ে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। হবিগঞ্জে ১৪৪ ধারা জারি থাকা অবস্থাতেই তারা জেলা শহরের দিকে অগ্রসর হন।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় একটি সেতুর ওপর ট্রাক রেখে এনসিপির গাড়িবহরের গতিরোধ করে পুলিশ। প্রায় আধা ঘণ্টা সেখানে আটকে থাকার পর বিকেল ৫টা ৫ মিনিটের দিকে ট্রাক সরিয়ে বহরটি আবার হবিগঞ্জের পথে যাত্রা শুরু করে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এনসিপির গাড়িবহরে ছিলেন দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০টি মাইক্রোবাস নিয়ে বহরটি শ্রীমঙ্গলে পৌঁছালে শতাধিক পুলিশ সদস্য সড়কে অবস্থান নিয়ে তাদের আটকে দেন। পরে এনসিপি নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পুলিশ ১৪৪ ধারার কথা উল্লেখ করে হবিগঞ্জে না যাওয়ার অনুরোধ জানালেও নেতারা বাধা প্রত্যাহারের দাবি জানান। একপর্যায়ে বহরটি আবার যাত্রা শুরু করে।

এদিকে, হবিগঞ্জের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। মৌলভীবাজার-হবিগঞ্জ সীমান্ত এলাকাতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে বুধবার সকালে সম্ভাব্য সংঘাত এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। আদেশে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, জনসভা, মাইকিং, স্লোগান ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে হবিগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। দলটির দাবি, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ওই হামলা চালান। এর প্রতিবাদে এনসিপি বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। একই দিনে পাল্টা কর্মসূচি দেয় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ