বগুড়ায় এনসিপি নেতাকে নারীর জুতাপেটা
নারী প্রশিক্ষণার্থীদেরকে উত্যক্ত করার অভিযোগে বগুড়ায় আলী আজম সাব্বির নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারী সাব্বিরকে জুতাপেটা করছেন। এ সময় তিনি (সাব্বির) নিজের আচরণের জন্য ক্ষমা চান। সেইসাথে ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে মুচলেকাও দেন।
জানা গেছে, গত ২৪ মে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) একটি কক্ষে ঘটনাটি ঘটে। সাব্বির সেখানকার একজন প্রশিক্ষণার্থী।
দলীয় সূত্রে জানা গেছে, সাব্বির এনসিপির বগুড়ার শিবগঞ্জ উপজেলার সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন।
জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, এই ঘটনার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও (শোকজ) দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে ওই ঘটনার জবাব দিতে বলা হয়েছে তাকে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এনসিপি নেতা সাব্বিরের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এস.এম ইমদাদুল হক ভিউজ বাংলাদেশকে বলেন, সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি কিছু নারী প্রশিক্ষণার্থীকে উত্যক্ত করতেন। এ বিষয়ে একজন শিক্ষক ও কয়েকজন প্রশিক্ষণার্থী আমার কাছে অভিযোগ করেন। বিষয়টি দেখার জন্য আমি এক শিক্ষককে দায়িত্ব দেই।
তিনি আরও বলেন, ঘটনাটি মীমাংসার সময় সাব্বিরকে একটা মেয়ে লাঞ্ছিত করেন। ওই দিন সাব্বির মুচলেকাও দেন।
ঈদের ছুটি শেষে প্রতিষ্ঠান থেকে সাব্বিরকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে বলেও জানান অধ্যক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে