Views Bangladesh Logo

অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি থেকে স্থায়ী বহিষ্কার সেই নেতা

অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমেও নিশ্চিত করা হয়েছে।

বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় বায়েজিদ হোসেনের মালিকানাধীন ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজ’ কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ উপায়ে তৈরি শিশুদের বেবি জেল, প্রাপ্তবয়স্কদের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের অননুমোদিত ওষুধ ও সামগ্রী উদ্ধার করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইনসানা তানজীন ইকোর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬(১) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত বায়েজিদ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাঁকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি অনুমোদন ছাড়া পরিচালনা করে আসছিলেন বায়েজিদ হোসেন। সেখানে শিশুদের বেবি জেল, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো।

দণ্ডের খবর প্রকাশের পর এনসিপির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক ব্যবস্থা নেয়। দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বায়েজিদ হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী বায়েজিদ হোসেনকে অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে ফরিদপুর জেলা এনসিপির সদস্যসচিব সাইফ হাসান খান বলেছিলেন, অন্যায়ের সঙ্গে দলের কোনো আপস নেই এবং বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রকে জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ