Views Bangladesh Logo

৩৬ জুলাইয়ে এই পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: ওসিকে হুমকি এনসিপি নেতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম। জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনারা কি ৩৬ জুলাই দেখেন নাই? তখন কীভাবে বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানাগুলোকে জ্বালিয়ে দিয়েছিল? আপনারা কি তখন দেখেন নাই, জনগণের টাকায় চলা এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম?

বুধবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। পরে বক্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং সমালোচনার সৃষ্টি হয়।

জুলাই অভ্যুত্থানের দুই বছর উপলক্ষে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার’ প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আবদুল গনির সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসানের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে সমাবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জোবাইরুল আলমও একটি ফেসবুক পেজে প্রকাশিত ৩ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওটি নিজের দেয়ালে শেয়ার করেন।

বক্তব্যে জোবাইরুল আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাষ্ট্রের বিভিন্ন প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। প্রশাসনের অনেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। উপজেলা ও থানা প্রশাসনে বিরোধী দলের কেউ প্রবেশ করতে পারেনি।

আনোয়ারা উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের বিরুদ্ধে দলীয় স্বজনপ্রীতির অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, বিরোধী দলের পক্ষ থেকে কোনো প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে এখনো তাদের এমপির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এমপির নির্দেশনা ছাড়া উপজেলা প্রশাসনে কোনো ফাইল নড়ে না বলেও অভিযোগ করেন তিনি।

উপজেলা প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, তারা যেন আবার আওয়ামী লীগের মতো আচরণ না করে। কেউ আওয়ামী লীগের ভূমিকায় ফিরতে চাইলে তা মেনে নেওয়া হবে না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ