Views Bangladesh Logo

হবু স্ত্রীকে সহায়তার অভিযোগে এসএসসি কেন্দ্রে এনসিপি নেতাকে মারধর

ফরিদপুরের ভাঙ্গায় এসএসসির কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের গালিগালাজ ও মারধরের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে পিটুনি দিয়েছে শিক্ষার্থীরা। এ ঘটনায় শিক্ষার্থীদের ইটের আঘাতে আহত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গার কাজী শামসুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই এনসিপি নেতার নাম মো. আশরাফ হোসেন (২৮)। তিনি ভাঙ্গা উপজেলা এনসিপির আহ্বায়ক এবং ভাঙ্গা পৌরসভার নূরপুর মহল্লার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ ঘটনায় পরীক্ষার্থীরা এনসিপি নেতা আশরাফকে গ্রেপ্তারের দাবিতে পরীক্ষা বর্জন করে স্কুলপ্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। প্রায় দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা শুরু হয়। একপর্যায়ে এনসিপি নেতাকে প্রধান শিক্ষকের কক্ষে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করে।

ওই পরীক্ষাকেন্দ্রের অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, সকালে জীববিজ্ঞান বিষয়ে ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার আগে এনসিপি নেতা আশরাফ পরীক্ষাকেন্দ্রে আসেন। তার হবু স্ত্রী ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। সেই সুবাদে প্রতিটি পরীক্ষার দিন তিনি পরীক্ষাকেন্দ্রে ঢুকে বিভিন্নভাবে তাকে সহায়তা করে আসছেন।

আজ সকালে পরীক্ষা শুরুর আগে আশরাফ তার হবু স্ত্রীকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসেন। একই কক্ষে পরীক্ষা দিচ্ছিল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজিদ ইসলামসহ তার কয়েকজন সহপাঠী। তারা হবু স্ত্রীকে পরীক্ষায় সহায়তা করার প্রতিবাদ জানায়। এ সময় এনসিপি নেতা নিজের দলীয় পরিচয় দিয়ে শিক্ষার্থীদের গালিগালাজ ও মারধর করেন। প্রতিবাদে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়া বন্ধ করে বের হয়ে যায়। তারা আশরাফকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে ধাওয়া দেয় ও মারধর করে। তিনি কেন্দ্রসচিবের কক্ষে আশ্রয় নেন। প্রধান শিক্ষকসহ কয়েকজন এগিয়ে এলে ইটের আঘাতে আহত হন প্রধান শিক্ষক ও একজন শিক্ষার্থী।

আহত প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত বলেন, পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ আশরাফকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই খবরের সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এনসিপি নেতার সঙ্গে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীর আংটিবদল হয়েছে। এই সুবাদে প্রতিটি পরীক্ষার দিন তিনি ওই পরীক্ষার্থীকে আনা-নেওয়া করতেন। আজ পরীক্ষা শুরুর আগে হলের মধ্যে ঢোকায় শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হয়। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

তবে এ বিষয়ে এনসিপি নেতা আশরাফের বলেন, ‘আমার হবু স্ত্রীকে আমি পরীক্ষার হলে দিতে গিয়েছিলাম। সেখানে ছাত্রলীগের কিছু কর্মী, যারা পরীক্ষা দিতে এসেছিল, তারা আমার হবু স্ত্রীকে ইভ টিজিং করে। আমি প্রতিবাদ করায় তারা আমার ওপর চড়াও হয়।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ