Views Bangladesh Logo

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহরের বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক, বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক এবং দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য।

চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন জানান, গত ১৯ জুলাই এক তরুণী আফতাবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ওই মামলায় র‌্যাব তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।

মামলার এজাহার অনুযায়ী, আগ্রাবাদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকে আফতাবের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে আফতাব তাকে বিয়ের আশ্বাস দেন। অভিযোগে বলা হয়, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁওয়ের একটি আবাসিক হোটেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তিনি। পরে বিয়ের কথা বললে আফতাব তা অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর ভুক্তভোগী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে।

এই ঘটনার পর ১৯ জুলাই ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এনসিপির চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, আফতাব দলের সদস্য এবং তিনি বিবাহিত। তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হলে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, এ ঘটনায় আফতাবের রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই এবং আইন অনুযায়ী তার বিচার হবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ