Views Bangladesh Logo

আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার মূল অভিযুক্ত শাকিল (২৩) এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার ও অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকেলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার পৃথক স্থান থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এনসিপির ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভি ও তার সহযোগী নাজিম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ১৬ বছর বয়সী ওই স্কুলছাত্রী নিয়মিত সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করত। বখাটে শাকিল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে তাকে উত্ত্যক্ত করে আসছিল।

গত সোমবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে মেয়েকে স্কুলে দিয়ে আসেন তার মা। পরে দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে আনতে স্কুলে গেলে তিনি জানতে পারেন, দুপুর ২টার দিকে স্কুলগেটের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা অসৎ উদ্দেশ্যে ফুঁসলিয়ে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে।

এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শাকিলকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার তদন্তে তৌহিদুর ইসলাম সানভি ও নাজিমের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রী অপহরণের মামলার তদন্তে নাজিম ও এনসিপি নেতা সানভির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে তাদের ইন্ধন ও সহযোগিতার বিষয়টি উঠে আসায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ