Views Bangladesh Logo

আওয়ামী লীগ নিষিদ্ধ না করার ঘোষণায় প্রধান উপদেষ্টার বক্তব্যে এনসিপির নিন্দা

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই— প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)।

দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম শুক্রবার (২১ মার্চ) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এক জরুরি সংবাদ সম্মেলনে এ নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, আগ্রাসনবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড, গুম-ক্রসফায়ার, ভোট ডাকাতিসহ আওয়ামী লীগের অপরাধের বিচার প্রক্রিয়ায় কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগেই রাষ্ট্রের একটি দায়িত্বশীল পদ থেকে এমন বক্তব্য অনভিপ্রেত।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘গণঅভ্যুত্থানের সাত মাস পার হলেও আওয়ামী লীগের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশে জুলাই মাসে সংঘটিত অপরাধগুলো আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে। আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধ নিয়ে এমন সুস্পষ্ট আন্তর্জাতিক বিবৃতি থাকা সত্ত্বেও বিচারিক প্রক্রিয়ার ধীর গতি অত্যন্ত নিন্দনীয়। এনসিপি অবিলম্বে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জুলাই গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।’

নাহিদ ইসলাম লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ‘সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই।’

বিবৃতিতে বলা হয়, ‘বিচার ছাড়া, অপরাধের দায় স্বীকার, অনুশোচনা ও প্রায়শ্চিত্ত ছাড়া আওয়ামী লীগের সক্রিয়তা বজায় রাখার যে কোনো প্রচেষ্টা ফ্যাসিবাদ পুনর্বাসনের শামিল। এনসিপি জুলাই গণহত্যাসহ আগের ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত এবং এই মাফিয়া গোষ্ঠীকে রাজনীতিতে ফেরানোর যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে এনসিপি দৃঢ়প্রতিজ্ঞ।’

এনসিপি আহ্বায়ক লিখিত বক্তব্যে বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়; এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় ভোটের মাধ্যমে হয়নি। সংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। এর ফলে, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট শাসন পতিত হয়েছে। ফলে, আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক কাঠামোর বাইরে রয়েছে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ