Views Bangladesh Logo

এনসিপির কেন্দ্রীয় নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ

প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীকে ‘হত্যার হুমকি’সহ বিভিন্ন আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে (৩৮) পিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (৩০ মে) রাত ৮টায় লক্ষ্মীপুরের রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসাবাড়ী বাজার এলাকার ক্ষুব্ধ কিছু মানুষ আনোয়ার হোসেনকে আটক করে পিটুনি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাকে রায়পুর থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় রোববার (৩১ মে) দুপুরে সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের রুহুল আমিন (৪৯) বাদী হয়ে আনোয়ারসহ একই এলাকার চারজনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন।

পিটুনির শিকার আনোয়ার হোসেন রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আনোয়ার আওয়ামী লীগ সরকারের সময় দলটির সক্রিয় কর্মী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি এনসিপিতে যোগ দেন এবং পরবর্তী সময়ে ফেসবুকে বিভিন্ন দলের নেতাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, জনতার রোষ থেকে আনোয়ারকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা রেকর্ড করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ